ঢাকার বিশেষ জজ-৪ আদালত সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঘোষণা করা রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর, এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন সময়ের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা দুই মামলায় অভিযোগ আনা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনাকে পৃথকভাবে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ দিয়েছেন। একই সঙ্গে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।
তদন্তে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের নামও উঠে আসে।
দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল জানান, গত বছরের ১৩ জানুয়ারি এসএম রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও টিউলিপসহ প্রথমে ১৬ জন আসামি করা হয়। পরবর্তীতে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।



