tanaka
প্রচ্ছদজাতীয়শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দীর্ঘ আন্দোলনের মুখে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৩ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মিতু মরিয়ম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) প্রদান করা হবে। তবে এটি সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নির্ধারিত হয়েছে এবং কয়েকটি শর্ত সাপেক্ষে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের প্রধান শর্তসমূহ:

  • বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে।
  • এমপিও নীতিমালা ও সরকার জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও বিধি-বিধান অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি মানতে হবে।
  • এ ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবে না।
  • ভাতা প্রদানের সময় সব আর্থিক বিধি-বিধান মানা বাধ্যতামূলক।
  • ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
  • প্রশাসনিক মন্ত্রণালয় জি.ও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এ আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

তবে শিক্ষক নেতারা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন। তাদের দাবি, বাড়ি ভাড়া ভাতা কমপক্ষে ২০ শতাংশ বৃদ্ধি করতে হবে। এ দাবিতে তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।