হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগ তল্লাশি করে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হয়। ওই ফ্লাইটের কয়েকজন যাত্রীর ব্যাগেজে বিদেশি মদ থাকার তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
ফ্লাইটটি ওই দিন রাত পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজনদের ওপর নজরদারি শুরু করেন কর্মকর্তারা। পরে তাদের ব্যাগেজে একে একে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় সাত যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশি মদ পাওয়া যায়।
এ ছাড়া মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।
সব মিলিয়ে সাত যাত্রীর কাছ থেকে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে এনবিআর।
এনবিআর জানিয়েছে, একই ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়ার ঘটনাটি শুধু ব্যক্তিগতভাবে বহনের উদ্দেশ্যে ঘটেছে, নাকি এর পেছনে কোনো সমন্বিত পরিকল্পনা রয়েছে—তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।



