tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শত ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীদের সময় দিলেন প্রধানমন্ত্রী

শত ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীদের সময় দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় নানা দায়িত্ব, টানা সরকারি কর্মসূচি, দীর্ঘ সংসদ অধিবেশন ও মন্ত্রিপরিষদের বৈঠক—সব মিলিয়ে ব্যস্ত একটি দিন কাটানোর পরও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শেষ প্রহরে জাতীয় সংসদ ভবনে উপস্থিত কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) রাতে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখা তো দূরের কথা, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে সাক্ষাতের সুযোগ কখনও কল্পনাও করেননি তারা। তাদের ভাষায়, এটি জীবনের অন্যতম স্মরণীয় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং মনোযোগের সঙ্গে অধ্যয়ন করে আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। দেশ ও জাতির কল্যাণে দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্বে নিজেদের প্রস্তুত করার পরামর্শও দেন তিনি। পাশাপাশি শিক্ষকদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আগামী দিনের নেতৃত্ব তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার লালমাই উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১২৭ জন শিক্ষার্থী এবং ৪৩ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান।

জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার আয়োজনে শিক্ষা সফরের অংশ হিসেবে তারা প্রথমে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এলডি হল পরিদর্শন করেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন। এ সময় তারা চলমান বাজেট অধিবেশনও সরাসরি উপভোগ করেন।

এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬-এর অনুষ্ঠানে অংশ নেন। এরপর জাতীয় সংসদে ওয়াকফ বিষয়ক প্রথম সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, দীর্ঘ সংসদ অধিবেশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত-সংশ্লিষ্ট বৈঠক এবং রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নিয়ে দিনব্যাপী ব্যস্ত সময় পার করেন।

ব্যস্ততম কর্মসূচির পরও শিক্ষার্থীদের জন্য সময় বের করে প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও বার্তা দিলেন—রাষ্ট্র পরিচালনার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং দক্ষ নেতৃত্ব গড়ে তোলাও সরকারের অন্যতম অগ্রাধিকার।