tanaka
প্রচ্ছদসারাদেশরূপগঞ্জে স্টিল কারখানায় চুল্লি বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

রূপগঞ্জে স্টিল কারখানায় চুল্লি বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল কারখানায় লোহা গলানোর চুল্লি (বাট্টি) বিস্ফোরণে চার শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে তারাব পৌরসভার বরপা আড়িয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস (পিএসআরএম) কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—সজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে সজিব সরকারের শরীরের ৭০ শতাংশ, রুবেল আহমেদের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহা গলানোর চুল্লিতে লিকেজের কারণে গলিত লোহা নিচে পড়ে যায়। এ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিক নাবিল তালুকদার জানান, রাত ৮টার দিকে কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। কারখানা থেকে কিছুদূর যাওয়ার পর হঠাৎ মানুষের চিৎকার শুনে পেছনে তাকালে রোলিং মিলের চুল্লি বিস্ফোরিত হয়ে চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে দেখেন।

নাবিল বলেন, ‘তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দেখি, বেশ কয়েকজন শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন।’

পরে দগ্ধ চার শ্রমিককে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। নাবিলের দাবি, ওই চারজন ছাড়াও আরও কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছেন। চুল্লি লিকেজ হয়ে গলিত লোহা নিচে পড়ে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।