রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমানকে একই ব্যাংকে ডিএমডি হিসেবে পদায়ন করা হয়েছে। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিমও একই ব্যাংকে ডিএমডির দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হককে একই ব্যাংকে ডিএমডি করা হয়েছে। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিনকে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁনকে জনতা ব্যাংকে ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ আজমকে একই ব্যাংকে ডিএমডি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক শাহীনূর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হাসান ইমামকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি করা হয়েছে। অন্যদিকে সোনালী ব্যাংকের দুই মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে একই ব্যাংকে ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৬’ এবং সরকার সময়ে সময়ে জারি করা সংশ্লিষ্ট নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



