tanaka
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকক্ষে প্রচার করা যাবে না: ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকক্ষে প্রচার করা যাবে না: ইসি

আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের সময় সংসদ কক্ষে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটদানের পদ্ধতি ও ভোটারদের করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনাও জারি করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ নির্দেশিকা জারি করা হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হবে। এ সময় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে ভোটারের নাম ও বিভক্তি নম্বরসংবলিত ব্যালট পেপার নিতে হবে। এরপর ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে ভোটারের স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

ব্যালটের আউটার ফয়েল বা ব্যালট অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালটটি সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে ফেলতে হবে।

কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে তা ব্যালট বাক্সে ফেলার আগে নির্বাচনী কর্তার কাছে উপস্থাপন করতে হবে। এ বিষয়ে নির্বাচনী কর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো যাবে না। এ উদ্দেশ্যে কোনো বক্তব্য বা ভাষণও দেওয়া নিষিদ্ধ। ভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যার সৃষ্টি হলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের সহায়তা নিতে হবে।

এ ছাড়া, ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা উল্লেখ রয়েছে, সেখানে স্বাক্ষরের পরিবর্তে পূর্ণ নাম লিখতে হবে।

এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। পরে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।