জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে মুগ্ধর পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় গৃহীত পদক্ষেপ নিয়ে তারা আলোচনা করেন। পাশাপাশি এসব কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তারা।
এ সময় পরিবারের পক্ষ থেকে গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নামসংবলিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেওয়া হয়।
রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আন্দোলনে যারা জীবন দিয়েছেন ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
শহীদ পরিবারগুলোর কল্যাণ এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।
সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



