ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩১টি মামলা করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগে ৩৯, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৮৩, মিরপুরে ১০৯, গুলশানে ৪৬, উত্তরা বিভাগে ২৭, গোয়েন্দা বিভাগে ৩ এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১টি মোবাইল ফোন ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।



