tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধ আর দীর্ঘ করতে চান না ইরানের প্রেসিডেন্ট, জোর দিলেন জাতীয় শক্তি...

যুদ্ধ আর দীর্ঘ করতে চান না ইরানের প্রেসিডেন্ট, জোর দিলেন জাতীয় শক্তি বাড়ানোর ওপর

চলমান যুদ্ধকে আর দীর্ঘায়িত করার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতে কোনো শত্রু বা বিদেশি শক্তির সঙ্গে আলোচনায় বসার সময় যাতে ইরানকে দুর্বল অবস্থানে থাকতে না হয়, সে জন্য দেশের সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। তার বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে মিডলইস্ট আই।

বৈঠকে ইরানের অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় সংস্কৃতি রক্ষায় বিশ্ববিদ্যালয় ও গবেষকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রেসিডেন্ট। এসব ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও কথা বলেন পেজেশকিয়ান। তার মতে, দেশের বিভিন্ন সংকটের সমাধান খুঁজতে শিক্ষার্থীদের আরও কার্যকর ভূমিকা রাখা উচিত। শুধু রাস্তায় আন্দোলনে অংশ নেওয়ার পরিবর্তে দেশের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, সেদিকে তাদের মনোযোগ দেওয়া প্রয়োজন।

রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, কারও রাজনৈতিক অবস্থান বা মতাদর্শ কী—তা তার কাছে প্রধান বিষয় নয়; দেশের সমস্যা সমাধানে যে ব্যক্তি সহযোগিতা করতে চান, তিনি তাকে স্বাগত জানাবেন।

একই সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত গ্রহণের ওপরও গুরুত্ব দেন পেজেশকিয়ান। তার বক্তব্যে যুদ্ধের পাশাপাশি দেশের অর্থনীতি, প্রশাসন ও অভ্যন্তরীণ সক্ষমতা শক্তিশালী করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।