যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠা ঠেকাতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে মস্কো। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনের পর যে নতুন পর্যায়ের সশস্ত্র সংঘাত শুরু হয়েছে, তা নিয়ে রাশিয়া অত্যন্ত উদ্বিগ্ন।
তিনি বলেন, “আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি।”
রাশিয়ার এই প্রতিক্রিয়া এমন সময়ে এসেছে, যখন সাম্প্রতিক ঘটনাবলিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পর্যবেক্ষকের মতে, সাম্প্রতিক পরিস্থিতি অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
রাশিয়া ও ইরান দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বজায় রেখে আসছে। মধ্য এশিয়া, আফগানিস্তান ও ইরাক ইস্যুসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রশ্নে যুক্তরাষ্ট্রের নীতির প্রতি উভয় দেশের সমালোচনামূলক অবস্থান তাদের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার তেহরানের সঙ্গে সম্পর্ককে মস্কোর গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।



