যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বন্দুক হামলায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। হামলার পর ক্যাম্পাসে লকডাউন জারি করা হয়েছে, জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে।
বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, রাত প্রায় ৯টা ১৫ মিনিটে হিউজেইন স্যুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে। হামলাকারী বর্তমানে পালিয়ে আছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। নিহতদের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কেও বিশ্ববিদ্যালয় কোনও নিশ্চিত তথ্য দেয়নি।
সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করে। এটি অরেঞ্জবার্গ শহরের ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত দুটি বিশ্ববিদ্যালয়ের একটি। শহরটি অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়া থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। অপর বিশ্ববিদ্যালয়টি হলো ক্লাফলিন বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ঘটনার তদন্ত করছে সাউথ ক্যারোলাইনা রাজ্য আইন প্রয়োগকারী বিভাগ এবং বৃহস্পতিবার রাতের সমস্ত ক্লাস বাতিল করা হয়েছে।



