tanaka
প্রচ্ছদসারাদেশমোরেলগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

মোরেলগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

বাগেরহাটের মোরেলগঞ্জ-বগি আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোরেলগঞ্জ উপজেলার দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, শনিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে দৈবজ্ঞহাটির দিকে একটি ডাববোঝাই নছিমন যাচ্ছিল। একই দিকে একটি মোটরসাইকেলও যাচ্ছিল। দোনা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নছিমনটিকে ওভারটেক করার চেষ্টা করে।

এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ওভারটেক করতে যাওয়া মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মুহূর্তে ডাববোঝাই নছিমনটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে মোটরসাইকেল আরোহীদের ওপর।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, অসাবধানতা ও বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নিহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।