রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর নির্বিচার লাঠিপেটার ঘটনায় ভাইরাল হওয়া মেরুন রঙের টি-শার্ট পরা যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি পল্টন থানার ওসি’র গাড়িচালক কনস্টেবল মিজানুর রহমান (বিপি নম্বর: ৯৭১৭১৯৭২৪৩)।
শনিবার (৩০ আগস্ট) বিকালে এই তথ্য নিশ্চিত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মিজানুর রহমান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আমীনের গাড়িচালকের দায়িত্ব পালন করছেন। তবে পল্টন থানার একটি সূত্র জানিয়েছে, মিজানুর রহমান নুরুল হক নুরকে আঘাত করেননি; তিনি অন্য এক কর্মীর ওপর হামলা চালিয়েছিলেন।
এর আগে শুক্রবার রাতের ঘটনা ঘটে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যখন আওয়ামী লীগ বিরোধী একটি মিছিল চলছিল। ওই সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জে মারাত্মক আহত হন সভাপতি নুরুল হক নুর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শার্ট পরা এক যুবক নুরুল হক নুরসহ কয়েকজনকে মারধর করছেন। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, ভিডিওতে যাকে মারধর করা হয়েছে, তিনি নুরুল হক নুর নয়, ছাত্রনেতা সম্রাট।



