মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিএনপির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। নিহত জসীমউদ্দিন নায়েব (৩০) চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা ও মাফিক নায়েবের ছেলে।
স্বজনদের দাবি, শুক্রবার বিকেল ৩টার দিকে আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ফুটবল প্রতীকের বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন জসীমউদ্দিন। ওই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান। বিদ্রোহী প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন।
অভিযুক্ত হিসেবে স্থানীয় ধানের শীষ সমর্থক ডাক্তার নাসির দেওয়ান ও তার ছেলে শাকিল দেওয়ানের নাম উল্লেখ করেছেন স্বজনরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে নাসির ও শাকিলসহ ৫০-৬০ জনের একটি দল জসীমউদ্দিনের বাড়িতে গিয়ে তাকে মারধর করে।
নিহতের বড় ভাই মসিউর নায়েব বলেন, “আমরা ফুটবল প্রতীকের পক্ষে কাজ করেছি—এটাই ছিল আমাদের অপরাধ। বিদ্রোহী প্রার্থীর সমর্থন করায় আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।”
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, পূর্ববিরোধ ও নির্বাচনী দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।



