চারদিনের তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সরকার গঠনের পথে তামিলনাড়ু। রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তামিলাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয়। বিনোদন জগত থেকে রাজনীতির আঙিনায় পা রাখা এই নেতার হাত ধরেই ১৯৬৭ সালের পর প্রথমবার কোনো অ-দ্রাবিড় (ডিএমকে বা এআইএডিএমকে বহির্ভূত) মুখ্যমন্ত্রী পেতে যাচ্ছে রাজ্যটি।
বিজয়ের এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সকালেই চেন্নাই পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর কংগ্রেসই প্রথম দল হিসেবে বিজয়কে সমর্থন জানিয়েছিল।সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। বর্তমানে ১২০ জন বিধায়কের সমর্থন রয়েছে বিজয়ের পক্ষে। গত শনিবার ভিলুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ার পর তার সরকার গঠনের পথ পরিষ্কার হয়। এর আগে ভারতীয় জাতীয় কংগ্রেস (৫ জন বিধায়ক), সিপিআই (২ জন বিধায়ক) এবং সিপিআইএম (২ জন বিধায়ক) বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে’কে সমর্থনের চিঠি দেয়। তবে এই দলগুলো বর্তমানে সরকারে সরাসরি অংশ না নিয়ে বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।



