tanaka
প্রচ্ছদপরবাসমালয়েশিয়ার পেনাংয়ে বিশেষ ক্যাম্পে কনস্যুলার সেবা পেলেন পাঁচ শতাধিক বাংলাদেশি

মালয়েশিয়ার পেনাংয়ে বিশেষ ক্যাম্পে কনস্যুলার সেবা পেলেন পাঁচ শতাধিক বাংলাদেশি

মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। গত ২১ ও ২২ নভেম্বর পেনাংয়ের সিবিএল মানি ট্রান্সফার কেন্দ্রে আয়োজিত এ ক্যাম্প থেকে পাঁচ শতাধিক বাংলাদেশি পাসপোর্ট ও জরুরি কনস্যুলার সেবা পেয়েছেন।

প্রবাসীদের কাছে সরাসরি প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ কার্যক্রম পরিচালনা করে। ক্যাম্পে নতুন ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, প্রস্তুত পাসপোর্ট বিতরণসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দেওয়া হয়।

এসব সেবার মধ্যে ছিল ভ্রমণ অনুমতিপত্র বা ট্রাভেল পারমিট প্রদান, পাসপোর্টের তথ্য সংশোধনসংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্র সরবরাহ। পাশাপাশি পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবা পেতে প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কেও প্রবাসীদের সরাসরি পরামর্শ দেওয়া হয়।

পেনাং ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কুয়ালালামপুরে না গিয়েই কাছাকাছি স্থানে প্রয়োজনীয় সেবা দেওয়াই ছিল এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এর ফলে প্রবাসীদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঝামেলা কমার পাশাপাশি যাতায়াত খরচ ও সময় সাশ্রয় হয়েছে। বিশেষ করে জরুরি পাসপোর্টসংক্রান্ত কাজ সহজে সম্পন্ন করার সুযোগ পেয়েছেন তারা।

কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি প্রবাসী কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস ও কাজ করার বিষয়ে সচেতন করে হাইকমিশন। এ সময় অনিয়মিত অভিবাসন থেকে বিরত থাকা, দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা এবং স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতির প্রতি সম্মান দেখানোর পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত প্রবাসীদের জন্য এ ধরনের বিশেষ কনস্যুলার ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে জরুরি সরকারি সেবা গ্রহণ সহজ হওয়ার পাশাপাশি প্রবাসীদের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বাড়বে। নিয়মিত এমন উদ্যোগ নেওয়া হলে দূরবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিরাও সহজে প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাবেন।