যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, “আমরা সম্মত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসে আমাদের সাক্ষাৎ হবে।”
এর আগে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামদানি জানান, নিউইয়র্কের ভোটারদের উদ্দেশে দেওয়া তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তার টিম হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
ট্রাম্পের পোস্টের পর এ বিষয়ে মন্তব্য জানতে মামদানি ও তার টিমের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।
নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে ট্রাম্প প্রশাসন ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য বরাদ্দ সরকারি তহবিল তিনি আটকে দেবেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, মামদানির বিরুদ্ধে প্রচারণায় ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ব্যয় করেছে প্রায় ২৪০ কোটি ডলার।
তবে ওই সব প্রচেষ্টা ব্যর্থ হয়। নিউইয়র্কের মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন জোহরান মামদানি। আগামী ১ জানুয়ারি তিনি নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথ নেবেন।
সূত্র: রয়টার্স



