জামালপুরের মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী নাছিরকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন এএসআই মুজিবুর রহমান ও এএসআই নাইমুর রহমান। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশকে আঘাত করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মাদারগঞ্জ উপজেলার ১ নং চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ গ্রামের দুদু মন্ডলের ছেলে মো. আজিজুল হক, ইদু মন্ডলের ছেলে মো. রাসেল, আসাদ মন্ডলের ছেলে স্বপন ও মরহুম কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল। তাদের রবিবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটায় আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম চর পাকেরদহ গ্রামের কালু মন্ডলের ছেলে নাছির দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে এসআই হাসিব আল মাহফুজের নেতৃত্বে পুলিশ সদস্যরা নাছিরকে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে থানার উদ্দেশ্যে রওনা হন।
পথে বাংলা বাজার এলাকায় পৌঁছালে নাছিরের আত্মীয়-স্বজন ও মাদক সিন্ডিকেটের প্রায় ৫ শতাধিক সদস্য পুলিশকে ঘিরে ধরে হামলা চালায়। এ সময় তারা নাছিরকে ছিনিয়ে নেয়। হামলায় আহত এএসআই মুজিবুর ও এএসআই নাইমুরকে পুলিশ সদস্যরা উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
পরে রাতেই এসআই হাসিব আল মাহফুজ থানায় গিয়ে সরকারি কাজে বাধা, বলপ্রয়োগ ও পুলিশকে আঘাতের ঘটনায় ১৮৬০ পেনাল কোডের বিভিন্ন ধারায় ৮ জনের নাম উল্লেখ ও ৬০-৭০ জন অজ্ঞাতকে আসামি করে মামলা দায়ের করেন।
রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামি নাছিরসহ এজাহারনামীয়দের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ৪ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।



