মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্বের সঙ্গে আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা জনগণের সামনে পরিষ্কার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, অতীতেও বাংলাদেশের স্বার্থ রক্ষার কথা বলে ট্রানজিট, করিডোরসহ বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এসব উদ্যোগ থেকে বাংলাদেশ প্রত্যাশিত সুফল পায়নি বলে তিনি দাবি করেন।
জামায়াত আমির বলেন, জাপান, চীন কিংবা অন্য কোনো বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসের মনোভাব জনগণ মেনে নেবে না। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়, যাতে দেশের স্বার্থ ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়।



