রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মস্কোর মেয়র জানিয়েছেন, টানা দ্বিতীয় রাতেও মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিট মোট ১৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
এর মধ্যে একটি ড্রোন মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল, আর ১৩টি ধ্বংস করা হয়েছে মস্কো অঞ্চলের উত্তর-পূর্বে অবস্থিত কালুগা প্রদেশের আকাশে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, যেখানে ড্রোনটি পতিত হয়েছে সেখানে জরুরি সেবা দল পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”
রুশ কর্তৃপক্ষ সাধারণত অভ্যন্তরীণ এলাকায় ইউক্রেনীয় হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করে না, যদি না তা বেসামরিক নাগরিক বা স্থাপনাকে প্রভাবিত করে।
বাকি তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে ইউক্রেন সীমান্তের পশ্চিমে ও কালুগার উত্তর-পূর্বে অবস্থিত ব্রায়ানস্ক প্রদেশে।
ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানিয়েছেন, সেখানে হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে চলমান যুদ্ধের দুই বছরে হাজারো মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনীয় নাগরিক।



