ময়মনসিংহের হালুয়াঘাটে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৬) ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মো. আবুল বাশার (২৩) ও তার সহযোগী মো. মিলন মিয়া (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ধারা বাজার এলাকা থেকে আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে আলাদা অভিযানে মিলন মিয়াকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগীর মা মঙ্গলবার রাতেই থানায় মামলা দায়ের করেন। মামলায় আবুল বাশার ও মিলন মিয়াকে আসামি করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নের একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এর আগে সকালে পূজা দেখার কথা বলে মিলন মেয়েটিকে ডেকে নেয় এবং দিনভর ঘোরাঘুরির পর রাতে তাকে আবুল বাশারের অটোরিকশায় তুলে দেয়। পরে আবুল বাশার নির্জন স্থানে নিয়ে তরুণীকে ধর্ষণ করে এবং রাত ১১টার দিকে তাকে গামারিতলা মোড়ে ফেলে যায়।
ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, “মিলন আমার মেয়েকে পূজা দেখার কথা বলে ডেকে নিয়ে যায় এবং অটোরিকশায় তুলে দেয়। এরপরই এ ঘটনা ঘটে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, “মামলার পরপরই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।”



