ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আব্দুল খালেক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
আব্দুল খালেক নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা। গত ৬ সেপ্টেম্বর দুপুরে ডেঙ্গু জ্বর নিয়ে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ৪৩ জন ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন।
তিনি জানান, বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে মোট ১ হাজার ৮০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।



