৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে বড় ধরনের রদবদলের জোরালো গুঞ্জন উঠেছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক পরিবহন ও কৃষিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন মুখ আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। পাশাপাশি মন্ত্রিসভার সদস্যসংখ্যা বাড়ানোর বিষয়েও সরকারের উচ্চপর্যায়ে চিন্তাভাবনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এর আগে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৪৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছিলেন। পরে ধাপে ধাপে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬০-এ। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তারেক রহমান সরকারের মন্ত্রিসভার আকারও সময়ের সঙ্গে আরও সম্প্রসারিত হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তনের জোরালো ইঙ্গিত
সম্ভাব্য রদবদলের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। দুর্যোগকালীন পরীক্ষা গ্রহণ নিয়ে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বক্তব্যে সরকার বিব্রত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ পরিস্থিতিতে বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে অন্য মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিনের হাতে তুলে দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়েও আসতে পারে পরিবর্তন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েও রদবদলের সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন রয়েছে। বিভিন্ন সভা-সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের একাধিক বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
সম্প্রতি নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, লাইসেন্স রক্ষায় আদ-দ্বীন ফাউন্ডেশনের প্রতিনিধিরা তার কাছে কোটি টাকা নিয়ে ঘুরেছেন। পরে এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
এ ছাড়া কয়েক দিন আগে ঢাকা মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে মূল বিষয়ের বাইরে কথা না বলার পরামর্শ দেন। এসব ঘটনার পর তাকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হতে পারে বলে আলোচনা চলছে।
মন্ত্রিসভায় আসতে পারেন যারা
সম্ভাব্য নতুন মুখ হিসেবে গয়েশ্বর চন্দ্র রায়, শেখ ফরিদ আহমেদ মানিক, এ বি এম মোশাররফ হোসেন, আব্দুস সালাম আজাদ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, খন্দকার আবু আশফাক, নজরুল ইসলাম আজাদ এবং মো. মজিবুর রহমানের নাম আলোচনায় রয়েছে।
টেকনোক্র্যাট কোটায় সম্ভাব্য সদস্য হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব উন নবী খান সোহেলের নামও রাজনৈতিক অঙ্গনে ঘুরছে।
এ ছাড়া মন্ত্রিসভা সম্প্রসারণ হলে জোটের শরিক দলগুলোর কয়েকজন নেতাও অন্তর্ভুক্ত হতে পারেন। এ তালিকায় আন্দালিব রহমান পার্থসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। রাজপথে সক্রিয় ভূমিকা রাখা কয়েকজন নেতাকেও নতুন মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
রদবদল নিয়ে যা বলছেন নেতারা
নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে। তবে কবে হবে, সেটি একমাত্র প্রধানমন্ত্রীই বলতে পারবেন।”
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেন, “কী হবে, তা আমরা জানি না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা চলছে—কে মন্ত্রী হবেন, কোথায় রদবদল হবে।”
অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, “পরিবর্তন হতে পারে। বিষয়টি প্রধানমন্ত্রীই ভালো বলতে পারবেন। যদি রদবদল হয়, তাহলে দেশ ও জনগণের স্বার্থে কাকে মন্ত্রিসভায় যুক্ত করা হবে, সেই সিদ্ধান্ত তিনিই নেবেন।”
উল্লেখ্য, এখন পর্যন্ত সম্ভাব্য রদবদল বা নতুন মন্ত্রিসভা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আলোচনায় থাকা নামগুলো রাজনৈতিক সূত্র ও বিভিন্ন মহলে চলমান জল্পনা-কল্পনার ভিত্তিতে উঠে এসেছে।



