এবার মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেলে যাত্রী পরিবহন সেবা চালু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে এ সেবা শুরু হয়।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এর আগে বিকেল ৩টায় আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করে ডিএমটিসিএল। তবে একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেল পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে একজন পথচারীর মৃত্যু হয়। ওই ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।
বর্তমানে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। পুরো পথে মেট্রোরেল চলাচল কবে থেকে স্বাভাবিক হবে, তা এখনও নির্দিষ্ট করে জানায়নি ডিএমটিসিএল।



