মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মতপার্থক্য যেন কখনোই মতবিরোধ বা সংঘাতের পর্যায়ে না পৌঁছায়। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির ভয়াবহ পরিণতি দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। সব আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করে, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনের অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয়—প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি কোনো দল বা জাতির জন্য কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা ৫ আগস্টে স্পষ্ট হয়েছে। মাহমুদুর রহমানের রক্তাক্ত ছবির স্মৃতি আজও তার চোখের সামনে ভাসে বলেও তিনি উল্লেখ করেন।
নতুন প্রজন্ম প্রসঙ্গে তারেক রহমান বলেন, তরুণরা দিকনির্দেশনা ও আশার আলো খুঁজছে। রাজনীতিবিদদের প্রতি তাদের প্রত্যাশা অনেক বেশি। সব প্রত্যাশা পূরণ সম্ভব না হলেও, দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিলে অগ্রগতি সম্ভব।
দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবার প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। নিজের ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তব্যের পুনরুল্লেখ করে তিনি জানান, তার পরিকল্পনার একটি বড় অংশই নারীদের উন্নয়ন ও অংশগ্রহণকে কেন্দ্র করে।
তারেক রহমান বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এতে কিছুটা অস্বস্তি তৈরি হলেও গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে এক সাংবাদিক তাকে ‘মাননীয়’ সম্বোধন করলে তিনি অনুরোধ করে বলেন, তার নামের আগে এ ধরনের সম্বোধন ব্যবহার না করতে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হলেও তার মন সবসময় দেশেই ছিল।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, দৈনিক সংগ্রাম সম্পাদক আযম মীর শাহিদুল আহসানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা অংশ নেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে দীর্ঘ প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। এর পাঁচ দিন পর ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর দশ দিনের মাথায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।



