রাজধানীসহ সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি কোথাও কোথাও ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতির ধারাবাহিকতায় সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার পর থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
তার দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই দিনে সিলেট বিভাগের সব জেলায় বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এদিকে ময়মনসিংহ বিভাগে সোমবার রাত ৮টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া একই সময়ের মধ্যে কিশোরগঞ্জ জেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ক্ষেত্রেও।



