ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে টানা তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের হালনাগাদ তালিকা তৈরি করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
গত ১ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
পরিপত্রে বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা মানুষের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে সরাসরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। এ খাতে স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু ও সময়োপযোগী পদায়ন গুরুত্বপূর্ণ।
মন্ত্রণালয়ের মতে, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে কিছু ক্ষেত্রে দায়িত্ব পালনে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রশ্নের মুখে পড়তে পারে। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনার মতো সংবেদনশীল ও জনসম্পৃক্ত খাতে নিয়মিত বদলি ও পদায়নের মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো প্রয়োজন।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের বিদ্যমান নীতি ও নির্দেশনার আলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনে নিরুৎসাহিত করা হয়েছে। তাই তিন বছর বা তার বেশি সময় একই কর্মস্থলে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের ব্যবস্থা করতে হবে।
এ লক্ষ্যে প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ এবং কর্মকাল উল্লেখ করে একটি হালনাগাদ তালিকা প্রস্তুত করবেন।
এরপর তালিকাটি পর্যালোচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালনকারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
তবে তিন বছর পূর্ণ হওয়ার আগেও প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা কিংবা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রয়োজন হলে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে ব্যবস্থা নেওয়া যাবে।
ভূমি মন্ত্রণালয় বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করে মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে।



