বাংলাদেশে আজ শুক্রবার সকালে যে ভূমিকম্প অনুভূত হয়েছে, তা এযাবৎকালের মধ্যে সবচেয়ে তীব্র বলে মন্তব্য করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার।
সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। সংস্থাটি এটিকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫; কেন্দ্রস্থল নরসিংদী থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম–দক্ষিণ-পশ্চিমে এবং ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ১০ কিলোমিটার।
অন্যদিকে, ইউরোপিয়ান সিসমোলোজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।
অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, ভূমিকম্পটি ইন্দো–বার্মা টেকটোনিক প্লেট অঞ্চলে সংঘটিত হয়েছে এবং ঝাঁকুনির তীব্রতা তাঁর অভিজ্ঞতায় বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি অনুভূত হয়েছে।



