সম্প্রতি কিছু ব্যক্তি নিজেদের জার্মান দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসাপ্রার্থীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য আদায়ের চেষ্টা করছে—এমন তথ্য পাওয়ার পর আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় জার্মান দূতাবাস।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কোনো তথ্য পাঠানোর আগে প্রেরকের ই-মেইল ঠিকানা ভালোভাবে যাচাই করতে হবে। যদি নিশ্চিত না হন ই-মেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিসেস পোর্টালের বৈধ ঠিকানা থেকে পাঠানো হয়েছে কি না, তাহলে দূতাবাসের সরকারি ওয়েবসাইটে থাকা যোগাযোগ ফর্মের মাধ্যমে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও স্পষ্ট করে জানায়, কনস্যুলার সার্ভিসেস পোর্টাল থেকে কেবল স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল পাঠানো হয়, যা আবেদনকারীদের জানায় যে পোর্টালে নতুন বার্তা এসেছে। ভিসা আবেদন সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য কখনও ই-মেইলের মাধ্যমে দেওয়া হয় না।



