ভারতের পাঞ্জাব রাজ্যের রূপনগর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হারচরণ সিং ভুল্লারের বাড়িতে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি রুপি মূল্যের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি এবং বিপুল পরিমাণ সম্পত্তির দলিল উদ্ধার করেছে।
এই অভিযান পরিচালিত হয় বৃহস্পতিবার (১৬ অক্টোবর), যখন দুর্নীতির অভিযোগে ভুল্লার ও তার ঘনিষ্ঠ সহযোগী কৃষ্ণ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই।
সিবিআইয়ের তদন্ত সূত্রে জানা যায়, পাঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার এক স্ক্র্যাপ ব্যবসায়ী আকাশ বাট্টা অভিযোগ করেন, ডিআইজি ভুল্লার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের হুমকি দিয়ে ৮ লাখ রুপি ঘুষ দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, প্রাথমিক ঘুষের অর্থ ছাড়াও, প্রতি মাসে “সেটেলমেন্ট ফি” বাবদ নিয়মিত টাকা চাওয়া হচ্ছিল।
সিবিআইয়ের এফআইআরে উল্লেখ করা হয়েছে, ভুল্লার সরাসরি অর্থ গ্রহণ না করে তার সহযোগী কৃষ্ণের মাধ্যমে লেনদেন করতেন। একটি টেলিফোন আলাপচারিতায় কৃষ্ণকে বলতে শোনা যায়— “আগস্টের পেমেন্ট হয়নি, সেপ্টেম্বরেরটাও হয়নি।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই এখন পর্যন্ত বিপুল অঘোষিত সম্পদের উৎস অনুসন্ধান করছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।



