ফুটবলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পঞ্চম শ্রেণির ছাত্র জিসানের স্বপ্ন পূরণের পথে। তার পৃষ্ঠপোষকতা ও লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার এ বার্তা নিয়ে জিসানের বাড়িতে যান জাতীয় দলের সাবেক গোলকিপার আমিনুল ইসলাম।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসান ছোটবেলা থেকেই মেসি ও ম্যারাডোনার খেলা দেখে ফুটবলে আগ্রহী হয়ে ওঠে। দারিদ্র্যের কারণে অনেক কষ্ট থাকলেও মা-বাবার সহায়তায় সে ফুটবলের সরঞ্জাম জোগাড় করে। পরিশ্রম আর প্রতিভায় দ্রুতই বড়দের সঙ্গে মাঠে খেলার মতো দক্ষতা অর্জন করে জিসান। তার ফুটবল প্রতিভা ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এই সুযোগে জিসানের দায়িত্ব নেওয়ায় উচ্ছ্বসিত তার পরিবার ও স্থানীয়রা। জিসানের বাবা জজ মিয়া বলেন, “আমার ছেলের স্বপ্ন পূরণের পথ এখন খুলে গেছে।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক জাতীয় গোলকিপার আমিনুল ইসলাম বলেন, “তারেক রহমান ক্ষুদে প্রতিভা জিসানের খেলা দেখে মুগ্ধ হয়েছেন। তিনি চান দেশের প্রতিভাবান খেলোয়াড়দের লালন করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দিতে।”



