বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিছুটা চাপে রয়েছে ব্রাজিল। শনিবার (২০ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নকআউট পর্বের পথে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ই লক্ষ্য সেলেসাওদের।
ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থানের পার্থক্যই বলে দেয় শক্তির ব্যবধান। বর্তমানে ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে, আর হাইতির অবস্থান ৮৪ নম্বরে। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান ৭৮ ধাপ। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে ব্রাজিলকেই পরিষ্কার ফেভারিট হিসেবে দেখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার।
অপটার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৮৭.৩ শতাংশ। অন্যদিকে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ৮.৪ শতাংশ।
মরক্কোর বিপক্ষে ড্র করলেও ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনো বেশ শক্তিশালী। অপটার হিসাব অনুযায়ী, গ্রুপ সি-তে শীর্ষস্থান দখলের সম্ভাবনা ব্রাজিলের ৫২ শতাংশ। শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৯০.৩ শতাংশ, আর শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫.৪ শতাংশ।
অন্যদিকে, প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে কঠিন অবস্থায় রয়েছে হাইতি। তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা মাত্র ৫.৮ শতাংশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও নেমে এসেছে ০.৪ শতাংশে।
অতীত পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এর আগে তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে ব্রাজিল। এসব ম্যাচে সেলেসাওরা মোট ১৭ গোল করেছে, বিপরীতে হাইতির গোল মাত্র একটি। সর্বশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিল।
সব মিলিয়ে পরিসংখ্যান, র্যাঙ্কিং এবং সাম্প্রতিক পূর্বাভাস—সব দিক থেকেই হাইতির বিপক্ষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ব্রাজিল। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে সেই আধিপত্য কতটা ধরে রাখতে পারে সেলেসাওরা।



