আগামী ৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রিলিমিনারি পরীক্ষা ঢাকার ৯২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করে পরীক্ষাকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় নির্ধারিত সময়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯২টি পরীক্ষাকেন্দ্রের প্রতিটিতে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালন করবেন আরও ১০ জন।
নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পিএসসি ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি পরীক্ষার দিন ভোর ৪টায় পিএসসি সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।



