যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা আক্রমণের খবর সামনে আসতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে। খবর আলজাজিরার।
সোমবার (৩১ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিট GMT পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩২ ডলারে উঠেছে।
যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে মার্কিন সেনাদের অবস্থান করা একটি ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা তেলের সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ বাড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।
আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। তবে এই উত্তেজনা কত দিন স্থায়ী হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটি কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহ—দুই ধরনের সময়কালেই স্থায়ী হতে পারে।



