tanaka
প্রচ্ছদজাতীয়বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে বিদিশার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আতিকুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম জামিনের বিরোধিতা করে তাকে জেলহাজতে পাঠানোর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার বিচার শেষে আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

ফ্ল্যাট বিক্রির অভিযোগে মামলা

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বারিধারায় ফ্ল্যাট কেনার প্রয়োজন ছিল মোশাররফ হোসেনের। পরিচিতজনদের মাধ্যমে তথ্য পেয়ে ২০০১ সালের ১ জুলাই বিদিশা তাকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখান এবং সেটি বিক্রির প্রস্তাব দেন। পরে ৮০ লাখ টাকায় ফ্ল্যাটটি বিক্রির বিষয়ে চুক্তি হয়।

অভিযোগে আরও বলা হয়, ১০ জুলাই মোশাররফ হোসেনকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে নেন বিদিশা। সেখানে তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলা হয়। পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে ওই টাকা পরিশোধ করেন বাদী। এরপর উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

দুই বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বিক্রির ওই প্রতারণার মামলায় গত ২০ মে বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ওই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিদিশা সিদ্দিক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে এক ছেলে রয়েছে।