বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১২ এপ্রিল) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
জামায়াত আমির বলেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুদক ও পিএসসি সংক্রান্ত অধ্যাদেশসহ মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করেছে। এসব অধ্যাদেশ ফ্যাসিবাদ প্রতিরোধে জরুরি ছিল বলেও তিনি উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বিএনপি বিচার ব্যবস্থার কথা বললেও বাস্তবে তারা আপসহীন অবস্থানে নেই। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তারা তাৎক্ষণিকভাবে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বলেও জানান তিনি। তার অভিযোগ, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা ব্যবহার করে বিএনপি রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এবং এর মাধ্যমে নিজেদের ঘোষিত ইশতেহার থেকে সরে এসেছে।
তিনি বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় ঘটবে এবং জনগণের বিজয় নিশ্চিত হবে। সে লক্ষ্যে দেশবাসীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনের চেতনা তুলে ধরে তিনি বলেন, ত্যাগের বিনিময়ে অর্জিত এই আন্দোলন কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না।
জামায়াত আমির আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার যেসব সংশোধনের জন্য প্রজ্ঞাপন জারি করেছিল, বিএনপি এখন সেগুলো বহাল রাখতে চায়, যা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। তার দাবি, এর মাধ্যমে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধান যদি জনগণের জন্য হয়, তবে জনগণের মতামত ও ম্যান্ডেটের ভিত্তিতেই তা সংস্কার করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। স্বাগত বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, মুস্তাফিজুর রহমান এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।



