tanaka
প্রচ্ছদইসলাম ও জীবনবায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন হবে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায়।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের আয়োজনে এবারের বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান, ইসলামি বইয়ের প্রকাশকসহ মোট ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলায় পবিত্র কুরআন, হাদিস, সিরাত, ইসলামি দর্শন, ইতিহাস, গবেষণা ও ধর্মীয় সাহিত্যের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন ইসলামি গ্রন্থ পাওয়া যাবে। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ইসলামি প্রকাশনা সংস্থাও তাদের বই প্রদর্শন ও বিক্রি করবে।

আয়োজকদের আশা, দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামি সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে বইমেলাটি জ্ঞানচর্চা ও ইসলামি সংস্কৃতির একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কুরআন, হাদিস ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের চর্চা বাড়াতে মেলাটি ভূমিকা রাখবে।

এ ছাড়া ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও বইমেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজকরা।

দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং বিপুলসংখ্যক ইসলামি গ্রন্থের সমাহার থাকায় এবারের মেলায় ব্যাপক পাঠকসমাগম হবে বলে প্রত্যাশা করছে ইসলামিক ফাউন্ডেশন।