tanaka
প্রচ্ছদখেলাবন্যায় ক্ষতিগ্রস্তদের অনুপ্রেরণায় বাংলাদেশের সঙ্গে খেলতে চায় নেপাল

বন্যায় ক্ষতিগ্রস্তদের অনুপ্রেরণায় বাংলাদেশের সঙ্গে খেলতে চায় নেপাল

সম্প্রতি পাহাড়ধস ও আকস্মিক বন্যায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে নেপাল। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের অনুপ্রেরণা জোগাতে বাংলাদেশের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও নেপালের মধ্যে এখন পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য অনুপ্রেরণার প্রয়োজন। এ কারণে বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

ঘনশ্যাম ভান্ডারি বলেন, নেপাল ক্রিকেট দল বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত রয়েছে। একইভাবে বাংলাদেশ দলকেও নেপালে স্বাগত জানাতে তারা প্রস্তুত।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সাম্প্রতিক বন্যার পর বাংলাদেশ সরকারের সময়মতো সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান নেপালের রাষ্ট্রদূত।

দুই দেশের সুদৃঢ় রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে।

নেপালের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ক্রীড়া কূটনীতিকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহারের বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশ ক্রীড়া কূটনীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিভিন্ন খেলায় দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।