২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবছর ২০২৪-২৫-এ কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব অনুমোদন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।
একই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ছয় গুণ সমপরিমাণ প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
যেসব কারণে মুনাফা বেড়েছে
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের আয়ের বড় একটি উৎস ছিল ব্যাংকগুলোকে দেওয়া ঋণ থেকে পাওয়া সুদ। ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে তারল্যের চাপ থাকায় বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ খাত থেকে সুদ আয়ও বেড়েছে।
এর পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশের আর্থিক ও বিনিয়োগ খাতে রাখা হয়। এসব বিনিয়োগ থেকেও গত অর্থবছরে উল্লেখযোগ্য আয় এসেছে। ঋণ থেকে সুদ আয় বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা—দুইয়ের সম্মিলিত প্রভাবেই নিট মুনাফা বাড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মুনাফা বাড়লেই অর্থনীতি শক্তিশালী—এমন নয়
তবে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধিকে অর্থনীতির জন্য সরাসরি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন না অর্থনীতিবিদরা। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা করা নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের তদারকি, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করাই এর প্রধান দায়িত্ব।
অর্থনীতিবিদদের বিশ্লেষণ অনুযায়ী, ব্যাংক খাতে তারল্যসংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংককে বেশি অর্থ ঋণ দিতে হয়েছে। এর ফলে সুদ আয় বাড়লেও সেই আয় বৃদ্ধির পেছনে ব্যাংক খাতের দুর্বলতার বিষয়টিও রয়েছে। তাই মুনাফা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও নিয়ন্ত্রক ভূমিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও গুরুত্বপূর্ণ।
কয়েক বছরে ধারাবাহিকভাবে বেড়েছে নিট মুনাফা
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত মুনাফা ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। ওই বছর নিট মুনাফা দাঁড়ায় ১৫ হাজার ৩০০ কোটি টাকা।
এরপর ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা বেড়ে ২২ হাজার ৬২০ কোটি টাকায় পৌঁছায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকা।



