চলতি আগস্টের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই হিসাব করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ তিন দিনে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকার প্রবাসী আয়। এর ফলে মাসের প্রথম ২৯ দিনেই রেমিট্যান্সের পরিমাণ ২৬৬ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছেছে।
গত বছরের আগস্টের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চলতি আগস্টের প্রথম ২৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।
অর্থবছরের শুরুতেও ইতিবাচক ধারা
চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ৪৬৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের প্রথম দুই মাসেরও কম সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।
প্রবাসী আয় বৃদ্ধির এই ধারাকে দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।



