বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সুযোগ এসেছে তরুণদের জন্য। ২০২৭বি ব্যাচে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌবাহিনী। এতে ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
নিয়োগে পদের সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার মধ্যে একটি পরীক্ষায় জিপিএ-৫ এবং অন্যটিতে কমপক্ষে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষাতেই বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় দুটি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে অন্তত তিনটিতে ‘এ’ এবং তিনটিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে ন্যূনতম একটি বিষয়ে ‘এ’ এবং দুটি বিষয়ে ‘বি’ গ্রেড প্রয়োজন। এখানেও গণিত ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্যতামূলক।
এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষায় সব বিষয়ে এ+ পাওয়া প্রার্থীরা লিখিত পরীক্ষা ছাড়াই আইএসএসবিতে যাওয়ার সুযোগ পাবেন।
বয়স ও শারীরিক যোগ্যতা
২০২৭ সালের ১ জুলাই প্রার্থীর বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৬২ দশমিক ৫ সেন্টিমিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন ৫০ কেজি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৫৫ সেন্টিমিটার বা ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন ৪৬ কেজি নির্ধারণ করা হয়েছে।
প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
যেসব প্রার্থী আবেদন করতে পারবেন না
সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত ব্যক্তি এই নিয়োগে আবেদন করতে পারবেন না। একইভাবে আইএসএসবি থেকে দুইবার স্ক্রিনড আউট বা প্রত্যাখ্যাত প্রার্থীরাও অযোগ্য বিবেচিত হবেন। তবে একবার স্ক্রিনড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
এ ছাড়া সেনা, নৌ বা বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ডে অযোগ্য বিবেচিত ব্যক্তি এবং কোনো আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও আবেদন করতে পারবেন না।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে Home Page-এর বাঁ পাশে থাকা APPLY NOW অপশনে ক্লিক করে নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ নৌবাহিনীর আবেদন পোর্টাল
আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
আবেদনের সময়
নিয়োগের অনলাইন আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট ২০২৬ থেকে। আবেদন করা যাবে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
নিয়োগের যোগ্যতা, পরীক্ষার ধাপ ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।



