‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ প্রয়োজনীয় সংশোধনসহ জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিল দুটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে এ সুপারিশ করা হয়।
বৈঠকে বিল দুটির বিভিন্ন ধারা, সংশ্লিষ্ট বিধান এবং বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বিল দুটি সংসদে পাসের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান ও আলফারুক আব্দুল লতীফ অংশ নেন।
এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।



