যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিতের ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। শুক্রবার দেওয়া রায়ে বিচারক জেনেট ভার্গাস বলেন, নীতিটি স্পষ্টতই বেআইনি এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।
ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের বিচারক ভার্গাসের মতে, জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বিদ্যমান মার্কিন অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন।
অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক, আফ্রিকান কমিউনিটিজ টুগেদার, অভিবাসী ভিসার আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন মার্কিন নাগরিকের করা মামলায় এই রায় দেওয়া হয়। মামলাকারীদের অভিযোগ ছিল, সংশ্লিষ্ট দেশগুলো থেকে তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার ক্ষেত্রে এই নীতি বাধা সৃষ্টি করছে।
চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া নীতির আওতায় লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে; বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া; দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের নাগরিকরা পড়েছিলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে ব্যাপক অভিবাসন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছেন। তাঁর প্রশাসনের দাবি, এসব উদ্যোগের লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।
তবে বিচারকের রায়ের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সূত্র: আল জাজিরা



