বলিউডে পার্শ্ব চরিত্রে অভিনয় করেও নিজের শক্তিশালী উপস্থিতি বহুবার প্রমাণ করেছেন দিব্যা দত্ত। এবার নিজস্ব গণ্ডি ভেঙে নতুন পথে যাত্রা শুরু করলেন তিনি। প্রথমবারের মতো দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করছেন এই গুণী অভিনেত্রী।
হিন্দি সিনেমায় দীর্ঘদিনের জনপ্রিয়তা সত্ত্বেও প্রধান চরিত্রে খুব কমই সুযোগ পেয়েছেন দিব্যা। তাই নিজের প্রতিভার নতুন দিগন্ত উন্মোচন এবং ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিকে বেছে নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘মায়াসভা’ নামের একটি ওয়েব সিরিজে একজন প্রভাবশালী রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তেলুগু ভাষায় নির্মিত এই সিরিজটি সম্প্রতি মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম সনি লাইভ-এ, ৭ আগস্ট। দিব্যার অনবদ্য অভিনয় ইতোমধ্যেই সিনে-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে নিজের অনুভূতি জানিয়ে দিব্যা বলেন, “আমি আরও আঞ্চলিক চলচ্চিত্রে কাজ করতে চাই। আশাকরি ভবিষ্যতে এমন চরিত্র পাব যেখানে নিজেকে আরও ভালোভাবে তুলে ধরতে পারব। ইতোমধ্যেই যে ভালোবাসা ও প্রশংসা পেয়েছি, তাতে আমি অভিভূত।”
তিনি আরও জানান, অন্য ইন্ডাস্ট্রিতে প্রথমবার কাজ করতে গিয়ে কিছুটা ভীত ছিলেন। তবে চরিত্র অনুযায়ী সবসময় ইংরেজিতে সংলাপ বলার কারণে ভাষাগত কোনও বড় সমস্যা হয়নি তার।



