দিনাজপুরের পার্বতীপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে গেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ২২ জন আহত হয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) ভোরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পার্বতীপুর উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান (৩২) এবং শের-এ-বাংলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান (২৫)। এছাড়া যাত্রীদের মধ্যে প্রায় ১৫-১৬ জন নারী ও ৬ জন শিশু ছিলেন।
আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে গুরুতর আহত ফারুক হাসান, মোস্তাফিজুর রহমান, জজ মিয়া (৪৫) ও রবিন হোসেন (২৮) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ফেসবুক লাইভে ফারুক হাসান জানান, বাসটি আমবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে পড়ে যায়। তিনি বলেন, “আমাদের বাসটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। সম্ভবত চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে।”
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বাসটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।
ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই, তবে তার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেলেন।”
আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন এবং সবাই কমবেশি আহত হয়েছেন। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলেও তিনি জানান।



