tanaka
প্রচ্ছদখেলাশচীনের পছন্দের ভারতীয় অধিনায়ক কারা, জানালেন কিংবদন্তি এই ব্যাটার

শচীনের পছন্দের ভারতীয় অধিনায়ক কারা, জানালেন কিংবদন্তি এই ব্যাটার

ভারতের অধিনায়ক হিসেবে নিজের সময়টা খুব একটা সুখকর ছিল না ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। নব্বইয়ের দশকে ভারতীয় ক্রিকেটের সেই সময়কে ‘অন্ধকার অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তবে অধিনায়কত্বের অভিজ্ঞতা ভালো না হলেও পরবর্তী সময়ে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া দুই অধিনায়কের প্রতি বিশেষ মুগ্ধতা রয়েছে তার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এক প্রশ্নোত্তর পর্বে নিজের অধিনায়কত্বের অভিজ্ঞতা এবং পছন্দের অধিনায়কদের নিয়ে কথা বলেন শচীন। সেখানে নিজের প্রিয় ভারতীয় অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলী ও মহেন্দ্র সিং ধোনির নাম উল্লেখ করেন তিনি। শচীনের মতে, ভারতীয় ক্রিকেটের একাধিক সাফল্য ও গৌরবের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দুই অধিনায়কের নাম।

ভারতের অধিনায়কত্ব করাকে নিজের জন্য বড় সম্মানের বিষয় হিসেবে দেখেন শচীন। তবে দায়িত্ব পালনকালে দল নির্বাচনের ক্ষেত্রে সব সময় পূর্ণ স্বাধীনতা পাননি বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, নব্বইয়ের দশকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যক্রম বর্তমান সময়ের মতো পেশাদার ছিল না। সে সময়ের নানা সীমাবদ্ধতা অধিনায়ক হিসেবে তার পথচলাকে কঠিন করে তুলেছিল।

মাত্র ২৩ বছর বয়সে ১৯৯৬ সালের ১০ আগস্ট ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান শচীন। মোহাম্মদ আজহারউদ্দিনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের বিপক্ষে সাহারা কাপ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিঙ্গার কাপ সিরিজে নেতৃত্বের বড় পরীক্ষা দিতে হয় তাকে। কিন্তু শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে ১৯৯৭ সালেই অধিনায়কত্ব ছাড়তে হয় তাকে।

পরবর্তী সময়ে আবারও নেতৃত্বের দায়িত্ব পান শচীন। তবে ২০০০ সালে স্বেচ্ছায় সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। অধিনায়ক হিসেবে তার পরিসংখ্যানও ছিল হতাশাজনক। তার নেতৃত্বে টেস্টে ভারতের জয়ের হার ছিল মাত্র ১৬ শতাংশ, আর ওয়ানডেতে ৩১ শতাংশ। ১৯৯৬-৯৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হার এবং ১৯৯৯-২০০০ সালে অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা তার অধিনায়কত্বের কঠিন সময়গুলোর অন্যতম।

নিজের নেতৃত্বের অভিজ্ঞতা সুখকর না হলেও পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলী ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের সাফল্য গভীরভাবে প্রশংসা করেন শচীন। রেডিটের প্রশ্নোত্তর পর্বে নিজের পছন্দের অধিনায়কদের প্রসঙ্গে তিনি জানান, গাঙ্গুলী ও ধোনি অবশ্যই তার পছন্দের তালিকার শীর্ষে থাকবেন।

সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় ভারত। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ২০১১ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় দলটি। দুজনের নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে।

এদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বেরও প্রশংসা করেছেন শচীন। তার মতে, সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাভুমা দক্ষিণ আফ্রিকা দলকে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছেন। বিশেষ করে আইসিসির শিরোপা জয়ে তার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন ভারতীয় এই কিংবদন্তি।

সম্প্রতি বাভুমার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্টে নিজের ক্যারিয়ারের সেরা ১৭৯ রানের ইনিংসও খেলেন প্রোটিয়া অধিনায়ক।