tanaka
প্রচ্ছদজাতীয়বন্ধ থাকা চার পাটকল চালু, কর্মসংস্থান ১৫ হাজার শ্রমিকের

বন্ধ থাকা চার পাটকল চালু, কর্মসংস্থান ১৫ হাজার শ্রমিকের

দীর্ঘদিন বন্ধ থাকা ফরিদপুর ও কুষ্টিয়ার চারটি পাটকল চালু করেছে আবুল খায়ের গ্রুপ। কারখানাগুলোতে নতুন করে উৎপাদন শুরু হওয়ায় প্রায় ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। একই সঙ্গে এসব কারখানায় উৎপাদিত পাটপণ্য রপ্তানিও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

চালু হওয়া চারটি পাটকলের মধ্যে ফরিদপুরের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে নানা কারণে বন্ধ ছিল। কারখানাটি বন্ধ থাকায় বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। সম্প্রতি আবুল খায়ের গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠানটি আবারও উৎপাদনে ফিরেছে। বর্তমানে সেখানে পাটপণ্য উৎপাদনের পাশাপাশি বিদেশে রপ্তানিও করা হচ্ছে।

রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজের বাইরে আবুল খায়ের গ্রুপ আরও তিনটি বন্ধ পাটকল চালু করেছে। এগুলো হলো—ফরিদপুরের দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর জুট ফাইবার্স এবং কুষ্টিয়া জুট ইন্ডাস্ট্রিজ। চারটি কারখানাতেই বর্তমানে পুরোদমে পাটপণ্য উৎপাদন চলছে।

আবুল খায়ের গ্রুপ সূত্রে জানা গেছে, এসব কারখানা থেকে বছরে প্রায় ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও অন্যান্য পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রায় ১২০ কোটি ডলার বা ১ হাজার ৫০০ কোটি টাকার পাটের সুতা রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশে এসব কারখানায় উৎপাদিত পাটপণ্য রপ্তানি করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানাগুলো আবার উৎপাদনে ফিরেছে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে বিপুলসংখ্যক শ্রমিকের।

এ বিষয়ে আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ বলেন, ‘পাটপণ্যের ব্যবসা মূলধননির্ভর। দেশের বেসরকারি খাতে অনেক পাটকল বর্তমানে বন্ধ। সে কারণে আমরা নতুন কারখানা না করে বন্ধ কারখানার সঙ্গে কাজ করেছি।’