দেশে বাড়তে থাকা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ জায়গা থেকে বেশি করে গাছ লাগানোর অনুরোধ করেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানো এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, শুধু নির্দিষ্ট কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও সম্পৃক্ত করা জরুরি।
শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেনসহ গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল খোশনবীশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জুয়েল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরাও কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি নগর এলাকায় সবুজায়ন সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।



