সন্তান জন্মদান অনেক দম্পতির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্বপ্ন। পরিবার গঠন, বংশধারা অব্যাহত রাখা কিংবা মাতৃত্ব-পিতৃত্বের আনন্দ উপভোগ করতে চান অনেকেই। তবে এ স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বন্ধ্যত্ব। নারী ও পুরুষ—উভয়ের প্রজননতন্ত্রের সমস্যার কারণে এ জটিলতা দেখা দিতে পারে। তবে কিছু স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ভালো রাখা এবং প্রজননক্ষমতা বজায় রাখতে সহায়তা পাওয়া সম্ভব।
বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বাংলাদেশে বন্ধ্যত্বের সমস্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য জাতীয় পরিসংখ্যান এখনো নেই। চিকিৎসকদের ধারণা, প্রতি ছয় দম্পতির একজন এ সমস্যায় ভুগছেন।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, অন্তত ১২ মাস নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া যৌনমিলনের পরও গর্ভধারণ না হলে তাকে বন্ধ্যত্ব হিসেবে বিবেচনা করা হয়। নারীর বয়স ৩৫ বছর বা তার বেশি হলে ছয় মাস চেষ্টা করার পরই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বন্ধ্যত্বের কারণ নারী বা পুরুষ—যেকোনো পক্ষের প্রজননগত জটিলতা হতে পারে। কিন্তু আমাদের সমাজে এ সমস্যার জন্য অধিকাংশ ক্ষেত্রে নারীদের দায়ী করা হয়। অথচ পুরুষের শুক্রাণুর সংখ্যা, গুণগত মান কিংবা শুক্রাণু চলাচলের সমস্যাও সন্তান ধারণে বাধা সৃষ্টি করতে পারে।
প্রাকৃতিকভাবে প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়
প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তুললে নারী ও পুরুষ উভয়ের প্রজননস্বাস্থ্য ভালো রাখতে সহায়তা পাওয়া যায়।
১. পুষ্টিকর ও সুষম খাবার খান
প্রজননস্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখা জরুরি। পালংশাকসহ সবুজ শাকসবজি, বেরি ফল, বাদাম, বীজ, ডাল ও পূর্ণ শস্যজাতীয় খাবার খেতে পারেন।
এ ছাড়া ডিম, তৈলাক্ত মাছ ও অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখুন। ফোলেট, আয়রন, জিংক এবং ভিটামিন সি, ডি ও ই শরীরের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২. পর্যাপ্ত পানি পান করুন
শরীরের স্বাভাবিক কার্যক্রম ও রক্তসঞ্চালন ঠিক রাখতে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। প্রতিদিন সাধারণত ৬-৮ গ্লাস পানি পান করতে পারেন। তবে আবহাওয়া, শারীরিক পরিশ্রম ও ব্যক্তিগত চাহিদা অনুযায়ী পানির পরিমাণ কমবেশি হতে পারে।
৩. নিয়মিত ব্যায়াম করুন
নিয়মিত হাঁটা, সাঁতার, সাইকেল চালানো কিংবা পরিমিত শরীরচর্চা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি হরমোনের স্বাভাবিক কার্যক্রম ও বিপাকীয় স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখে।
৪. স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন
অতিরিক্ত ওজন কিংবা অতিরিক্ত কম ওজন—দুটিই প্রজননস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে ওজনের অস্বাভাবিক পরিবর্তন হরমোনের ভারসাম্য ও মাসিক চক্রে সমস্যা তৈরি করতে পারে।
৫. মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন
দীর্ঘদিনের মানসিক চাপ ঘুম, হরমোন ও সামগ্রিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তাই পর্যাপ্ত ঘুম, নিয়মিত বিশ্রাম, ধ্যান কিংবা পছন্দের কাজে সময় দেওয়া জরুরি।
৬. ক্ষতিকর অভ্যাস পরিহার করুন
ধূমপান প্রজননস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ধূমপান সম্পূর্ণ বন্ধ করা উচিত। পাশাপাশি অতিরিক্ত অ্যালকোহল, ট্রান্স ফ্যাট, অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা ভালো। ক্যাফেইন গ্রহণও সীমিত রাখা উচিত।
পুরুষের বন্ধ্যত্বের চিকিৎসা কী?
বন্ধ্যত্ব সমস্যায় পুরুষের শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষজ্ঞদের মতে, শুক্রাণুর সংখ্যা কমে গেলে কিংবা শুক্রাণুর চলাচলে সমস্যা থাকলে কারণ অনুযায়ী চিকিৎসা দেওয়া সম্ভব।
কিছু ক্ষেত্রে ওষুধের মাধ্যমে শুক্রাণু উৎপাদন বাড়ানো যায়। আবার শুক্রাণু বের হওয়ার পথে প্রতিবন্ধকতা থাকলেও চিকিৎসার সুযোগ রয়েছে। অণ্ডকোষে শুক্রাণু উৎপাদন স্বাভাবিক থাকলে বিশেষ পদ্ধতিতে সেখান থেকে শুক্রাণু সংগ্রহ করে আইভিএফ বা আইসিএসআইয়ের মাধ্যমে সন্তান জন্মদানের সুযোগ তৈরি করা যায়।
তবে চিকিৎসার পদ্ধতি নির্ভর করে সমস্যার ধরন, শুক্রাণুর মান এবং উভয় সঙ্গীর শারীরিক অবস্থার ওপর।
বাংলাদেশে বন্ধ্যত্বের চিকিৎসা ও বিদেশমুখী হওয়ার প্রবণতা
বাংলাদেশে বন্ধ্যত্বের আধুনিক চিকিৎসা আগের তুলনায় অনেক বেশি সহজলভ্য হয়েছে। আইভিএফ, টেস্টটিউব পদ্ধতি ও ল্যাপারোস্কপিসহ বিভিন্ন উন্নত চিকিৎসাসেবা এখন দেশেই পাওয়া যাচ্ছে। এরপরও গোপনীয়তা, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং চিকিৎসাসেবা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেক দম্পতি ভারত ও থাইল্যান্ডের মতো দেশে চিকিৎসা নিতে যাচ্ছেন।
এ বিষয়ে চিকিৎসক ডা. মোসা. জেসমিন আক্তার বলেন, বাংলাদেশে বন্ধ্যত্বের সমস্যা উল্লেখযোগ্য। প্রতি ছয় দম্পতির একজন এ সমস্যায় ভুগছেন বলে চিকিৎসকদের ধারণা। তবে এ বিষয়ে এখনো নির্ভরযোগ্য সরকারি পরিসংখ্যান নেই।
তিনি জানান, বর্তমানে দেশে বন্ধ্যত্বে আক্রান্ত রোগীদের ৮৫ থেকে ৯০ শতাংশের চিকিৎসা করা সম্ভব হচ্ছে। এ সমস্যায় ভুগলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। বিশেষ করে নারীদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। ৪০-৪৫ বছর বয়সে স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা অনেক কমে যেতে পারে।
চিকিৎসক জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বন্ধ্যত্বের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বিশেষায়িত ল্যাবের মাধ্যমে আইভিএফ, টেস্টটিউব পদ্ধতি ও ল্যাপারোস্কপিসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কারণ কী?
দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকার পরও কেন অনেক দম্পতি বিদেশে যাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে ডা. মোসা. জেসমিন আক্তার বলেন, সামাজিক ও ধর্মীয় বিশ্বাসের কারণে কিছু চিকিৎসাপদ্ধতি বাংলাদেশে প্রচলিত নয়। বিশেষ করে তৃতীয় পক্ষের শুক্রাণু বা ডিম্বাণু ব্যবহারের বিষয়টি অনেক দম্পতির ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
তাঁর মতে, দেশের চিকিৎসাব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাবও বিদেশমুখী হওয়ার অন্যতম কারণ। এ ছাড়া বন্ধ্যত্ব চিকিৎসায় জাতীয় পর্যায়ে বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।
তিনি আরও জানান, স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে বন্ধ্যত্ব চিকিৎসার জন্য একটি জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। এটি বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসার সুযোগ বাড়ার পাশাপাশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রও সম্প্রসারিত হবে।
দেশে বিশ্বমানের চিকিৎসা হচ্ছে: বিশেষজ্ঞদের মত
এ বিষয়ে ডা. উম্মেল খায়ের মাহমুদা বলেন, বাংলাদেশে বন্ধ্যত্বের প্রকৃত হার নিয়ে এখনো কোনো নির্ভরযোগ্য জাতীয় পরিসংখ্যান নেই। তবে উপমহাদেশে বন্ধ্যত্বের হার আনুমানিক ১০ থেকে ১৫ শতাংশ বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে আইভিএফসহ বন্ধ্যত্বের বিভিন্ন আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে দেশে অনেক দক্ষ চিকিৎসক রয়েছেন। তাঁদের অনেকে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে রোগীদের সেবা দিচ্ছেন।
ডা. উম্মেল খায়ের মাহমুদার মতে, দেশে উন্নত চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও অনেকে এ বিষয়ে না জানার কারণে বিদেশে যাচ্ছেন। তবে বিদেশে চিকিৎসা নিয়ে সফল না হওয়া অনেক দম্পতিও এখন দেশে ফিরে চিকিৎসা নিচ্ছেন। ধীরে ধীরে বিদেশমুখী হওয়ার প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সচেতনতা ও সময়মতো চিকিৎসাই গুরুত্বপূর্ণ
বন্ধ্যত্ব কোনো একক ব্যক্তি বা লিঙ্গের সমস্যা নয়। নারী ও পুরুষ উভয়ের প্রজননস্বাস্থ্যের সঙ্গে বিষয়টি সম্পর্কিত। তাই সন্তান ধারণে সমস্যা দেখা দিলে একে অপরকে দোষারোপ না করে দুজনেরই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো উচিত।
বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রজননক্ষমতা কমতে পারে। তাই দীর্ঘদিন চেষ্টা করেও গর্ভধারণ না হলে কিংবা মাসিক অনিয়ম, যৌনস্বাস্থ্যজনিত সমস্যা বা শুক্রাণুর জটিলতা থাকলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর ওজন, পর্যাপ্ত ঘুম এবং ক্ষতিকর অভ্যাস পরিহার প্রজননস্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। তবে এসব অভ্যাস বন্ধ্যত্বের চিকিৎসার বিকল্প নয়। প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে চিকিৎসা নেওয়াই সন্তান ধারণের সম্ভাবনা বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।



